দেশে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯০০ রোগী। এ সংখ্যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
এদিন ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) হাসপাতালে ৮৫৭ ডেঙ্গু রোগী ভর্তির খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ রোগী ছিল। ঠিক তার একদিন পরই নতুন রেকর্ড গড়লো ডেঙ্গু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫২৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ১৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৭৯ জন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ২২৭ জনে।
অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের এক জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৬ হাজার ৯৩৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৬১২ জন। একই সময়ে মারা গেছেন ৯৯ জন।
আরও পড়ুন: সারাদেশে করোনায় আরও ছয় মৃত্যু, শনাক্ত ২৮৭
চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
একাত্তর/এসি