তথ্য সচিব মো. মকবুল হোসেনকে মেয়াদ পূর্ণ হওয়ার আগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সমালোচনা থিতিয়ে না যেতেই পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ সুপারদের মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা।
মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
আরও পড়ুন: পাঁচ বছরে কৃষিতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন
তবে এই তিন পুলিশ কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন কি না প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিলো সরকার।
একাত্তর/জো