নভেম্বরেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মতো চলতি নভেম্বরেও একটি ঘূর্ণিঝড় হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।

বঙ্গোপসাগরের নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘ম্যান্দোস (Mandous)’। নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এদিকে নভেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল থাকবে সাড়ে ৪ থেকে সাড়ে ৬ ঘণ্টা।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ -এ পরিণত হয়।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ প্রথমে উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর রাত ৯টা থেকে পরবর্তী ৩ ঘণ্টার মধ্যে ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে।

ঘূর্ণিঝড়ে মোট ৩৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া এর প্রভাবে উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।

আরও পড়ুন: শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে (০১ অক্টোবর ২০২২) এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় (৩১ অক্টোবর) রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ২ ডিগ্রি বেশি ছিল।


একাত্তর/আরএ