কাতার এয়ারলাইন্সে আসছে ফাইজারের লাখ টিকা

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করোনার টিকার এক লাখ ৬২০ ডোজ আসছে আজ। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টা ২০ মিনিটে আসবে টিকার প্রথম চালান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, “রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে।”

তবে কবে নাগাদ এবং কারা এই টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি জানিয়ে ডা. শামসুল হক বলেন, টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

গত ২৪ মে (সোমবার) ফাইজারের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে আবেদন করা হলে বৃহস্পতিবার (২৭ মে) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এর ফলে দেশে ফাইজারের টিকা আমদানি ও ব্যবহারে আইনগত কোনও বাধা নেই।

বাংলাদেশে এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক-ভি ও সিনোফার্মের টিকার অনুমোদন দেওয়া হয়েছিল। ফাইজারের টিকাসহ দেশে অনুমোদিত টিকার সংখ্যা হলো চারটি।

প্রসঙ্গত, ফাইজারের টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এটি দুই ডোজের টিকা। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।

ভ্যাকসিনটি মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে ৫ দিন ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় এবং ২ ঘণ্টা ৩০ ডিগ্রি তাপমাত্রায় টিকাটির গুণাগুণ ঠিক থাকে।

আরও পড়ুন: চীন থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এ টিকা প্রয়োগ করা হচ্ছে।

গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের জরুরি ব্যবহার্য টিকার তালিকায় ফাইজারের ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে।


একাত্তর/আরএ