তিনটি আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আসন তিনটি হল ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫।
ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।
বুধবার (২ জুন) আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।
এর আগে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এবং কুমিল্লা-৫ এর সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুর কারণে আসন তিনটি শূণ্য ঘোষণা করা হয়।
এছাড়া করোনা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতের আদালতে একটি ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারানোয় আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনের নির্বাচন ১১ এপ্রিল হওয়ার কথা ছিল।
এদিন স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচনও ২১ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
একাত্তর/আরএইচ