রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতার স্বপ্ন পূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজন স্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।
রাষ্ট্রপ্রধান রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
আবদুল হামিদ সম্প্রীতির এই বন্ধন কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন ছিন্ন করতে না পারে, সেদিকেও সকলকে সজাগ থাকার তাগিদ দেন।
মহামতি যিশুখ্রিস্টকে মানবজাতির আলোর পথের দিশারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে যিশুখ্রিস্ট সৃষ্টিকর্তার মহিমা ও খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। জাগতিক সুখের পরিবর্তে যিশুখ্রিস্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাও দেন।
রাষ্ট্রপতি বলেন, শান্তি আর সমৃদ্ধির এক জনপদ বাংলাদেশ এবং এ অর্জনের পেছনে রয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরলস শ্রম আর অব্যাহত প্রচেষ্টা।
আরও পড়ুন: প্রবাসী আয় বাড়াতে শিগগিরই আসছে বিশেষ প্যাকেজ
‘আমাদের উন্নয়ন ও অগ্রগতির পেছনে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক অবদান অনস্বীকার্য।’
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, আগামী দিনে সকলের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যরে বন্ধন আরো গভীর হবে।
একাত্তর/আরএ