ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছে, আমাদের মেট্রোরেলের কারণে অনেক মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, আমরা দেখেছি ডিএমটিসিএলের আওতায় ১২ হাজার প্রকৌশলী ও মাঠ-প্রকৌশলীর কর্মসংস্থান হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) স্বপ্নের মেট্রোরেলের শুভ উদ্বোধনের পর উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে আয়োজিত সুধী-সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্ক ইন্ড্রাস্ট্রিগুলো থেকে চারগুণ বাংলাদেশির চাকরির সুযোগ হবে। আমরা মেট্রোরেল ট্রেনিং সেন্টার করেছি। এটা বিশ্বের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে কাজ করবে। এখানে যারা প্রশিক্ষণ নেবেন তারা বিশ্বের বিভিন্ন দেশে যেখানে মেট্রোরেল আছে সেখানে দক্ষ জনবল হিসেবে কাজ করার সুযোগ পাবেন। আমরা সে ধরনের জনবল সরবরাহ করতে পারব। এতে আমাদের বিদেশি রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা একটা ৪০ মিনিটে মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন বহু কাঙ্ক্ষিত মেট্রোরেলের।
মেট্রোরেলের ফিতা কেটে উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তার সঙ্গে থাকা অতিথিসহ কৃষক, শ্রমিক, রিকশাচালক, গার্মেন্টস কর্মী, মেট্রোরেলের নির্মাণ শ্রমিক, মুক্তিযোদ্ধা, সব ধর্মের প্রতিনিধি, কূটনীতিক, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংবাদকর্মীদের নিয়ে দিয়াবাড়ি থেকে মেট্রোরেলে সফর করেন।
একাত্তর/এআর