নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের পর আবারও নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছে সরকার। এবার নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে চাকরি থেকে অবসরে গেছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় নতুন সরকারি কর্মকর্তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিলো সরকার।

এদিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছেন ২০২২ সালের ২ জানুয়ারি থেকে। তার আগে দুই বছর তিনি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা মাহবুব হোসেন সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


একাত্তর/এসি