রাজধানীতে স্বস্তির বৃষ্টি; আছে ভোগান্তিও

কদিনের গরমের পর রাজধানীতে আবারও স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই ঝুম বৃষ্টি নগরীতে। এতে গেল কয়েক দিনের গরমও কিছুটা কমেছে।এক পশলা বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেসব এলাকার বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বৃষ্টি ঝরলেও গরম কাটছে না। তবে কয়েকদিন বাদে বৃষ্টি আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা স্বস্তি দিতে পারে। জ্যৈষ্ঠের শেষ সময় এসে বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে; তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১০৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির কারণে এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকায় আকস্মিক বন্যা হবার আশঙ্কাও রয়েছে।

একাত্তর/ এনএ