শুধু অনলাইনেই মনোনয়ন জমা নিতে চায় ইসি

আগামীতে নির্বাচনে শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি), এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। 

তিনি জানান, অনলাইনে মনোনয়ন দেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে কমিশন। এটা নিয়ে আলোচনা করছি বেশ কয়েকদিন ধরে। আমরা চাই স্বচ্ছতা। প্রার্থীরা মনোনয়ন দাখিলের সময় শো ডাউন করেন তাদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হচ্ছি, তারা আচরনবিধি লঙ্ঘন করেন। 

সোমবার (৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার। 

এসময় নির্বাচন কমিশনার বলেন, এটা বাস্তবায়ন করতে হলে বিধিতে কিছু পরিবর্তন করতে হবে।

আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে।  

তিনি আরও বলেন, আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা সম্ভব কি-না তা নিয়ে আলোচনা করব। কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করব। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কি ধরনের তা দেখব। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে।

আরও পড়ুন: যুগলকে দেখে হাসাহাসি করায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাইলট প্রকল্পটি তৈরি হলে ধাপে ধাপে সব নির্বাচনেই এটা ব্যবহার করা হবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ব্যবহার দেখেই সংসদ নির্বাচনে তা প্রয়োগ করা হবে। ইভিএমে আমরা ভোট করতে চাই এখনও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কতটা আর্থিকভাবে প্রজেক্টটি পাস হবে তা আমরা জানি না।

অনলাইনের পাশাপাশি কেউ চাইলে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সমস্ত কিছুই বিবেচনা করেই অনলাইনে করা হবে। দুইটা অপশন থাকবে না। 

তবে এটার মতামত নিতে জনগন বা রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই বলেও জানান তিনি।


একাত্তর/আরবিএস