মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে ঢাকায় আসবেন।

শনিবার (১৪ জানুয়ারি) তার এই ঢাকা সফরের কথা রয়েছে বলে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মার্কিন দূতাবাস। 

মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশী জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২-১৫ জানুয়ারি লু ভারত ও বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকালে জ্বালানী, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে দাম বাড়লো বিদ্যুতের

বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, ভারতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দেবেন। এছাড়াও তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কিভাবে জ্বালানী, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরও বাড়ানো যায়, সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।


একাত্তর/জো