রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (২৩ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

নীলফামারী, কুঁড়িগ্রাম, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গেলো ২৪ ঘন্টায় সারা দেশে কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে পরবর্তী ৭২ ঘন্টা তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে র আবহাওয়া অফিস। 

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে।


একাত্তর/আরবিএস