বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৭তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে গতবারের চেয়ে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। নীচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম, এর আগে ছিল ১৩।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী এই সংস্থার প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এ তথ্য উঠে এসেছে উল্লেখ করে টিআইবি জানায়, বাংলাদেশের স্কোর এক পয়েন্ট কমে ২৬ থেকে ২৫ হয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের।
টিআইবি জানায়, ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিতে শীর্ষে রয়েছে সোমালিয়া। আর সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ
অপরদিকে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম, যা আফগানিস্তানের এক ধাপ উপরে।
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হচ্ছে।
একাত্তর/এসি