আগামী মার্চের প্রথম সপ্তাহে ভারত থেকে আদানি গ্রুপের উৎপাদিত বিদ্যুৎ দেশে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ আমদানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, মার্চের প্রথম সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। মার্চে প্রথম ইউনিট থেকে আসবে ৭৫০ মেগাওয়াট। আর দ্বিতীয় ইউনিট থেকে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে এপ্রিল মাসে।
নসরুল হামিদ বলেন, আদানির বিদ্যুৎ মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে না বলেও জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, আদানির বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। প্রতিযোগিতামূলক বাজারদরেই এ বিদ্যুৎ পাওয়া যাবে। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। ২৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলক সরবরাহ শুরু হবে।
আরও পড়ুন: জাপা চেয়ারম্যান হিসেবে কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই
সংবাদ সম্মেলেন প্রতিমন্ত্রী আরও বলেন, সেচ ও গ্রীস্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগের কিছু নেই। বেশ কিছু কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। রামপাল এসেছে, এসএস পাওয়ার আসবে, বরিশাল বিদ্যুৎকেন্দ্র আসবে। সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, সেচ মৌসুম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এর আগে ২০১৭ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ কেনার চুক্তি হয়।
একাত্তর/আরবিএস