‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীক সম্মেলন ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩।’

শনিবার (১১ মার্চ) শুরু হতে চলা এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি।

এসময় সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭টি দেশের ২০০টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শীর্ষ এ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করাসহ এবং দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এই সামিট। 

বাংলাদেশ বিজনেস সামিটে এফবিসিসিআই এর অংশীদার হিসেবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 


একাত্তর/এসি