বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বিভিন্নস্থানে পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানা গেছে মঙ্গলবারই। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারের পূর্ব পাশে এনেক্সকো টাওয়ারের সামনে দেখা যায়- ফায়ার সার্ভিসের বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।
ফায়ার সার্ভিস বলছে- আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পানি ছেটানো হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে পাঁচটি ইউনিট।
সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীরা অনেকেই ধ্বংসস্তূপের মাঝ থেকে কাপড় সংগ্রহের চেষ্টা করছেন। বলছেন, সব পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন তারা।
একইসাথে ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বঙ্গবাজারে আগুনের সূত্রপাত যেভাবে
আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তবে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বঙ্গবাজার কমপ্লেক্সের পূর্ব দিকের আদর্শ মার্কেট থেকেই আগুনের সূত্রপাত হয়।
একাত্তর/আরএ