জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

জাপানে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বিমানবন্দরে তাকে দেয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার।  

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে মঙ্গলবার সকালে সফরসঙ্গীদের নিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

স্থানীয় সময় পৌনে পাঁচটায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেয়া হয়। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে সড়ক পথে ৩০ মিনিট পাড়ি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। জাপান সফরকালে প্রধানমন্ত্রী টোকিও’র এই প্রাসাদেই অবস্থান করবেন। 

চারদিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। ১৫ দিনের সরকারি সফর শেষে ৯ই মে তার দেশে ফেরার কথা। 

প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও সফর করছেন শেখ হাসিনা। 

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন জানিয়েছেন, করোনার কারণেই আগের বার প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল হয়েছিল। জাপান প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায়। 

এ সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে। এ সফর দু’ দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন: ২৬ এপ্রিল থেকে ২৩ মে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

জাপান সফর শেষে শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন। 


একাত্তর/আরবি