ঘূর্ণিঝড় মোখায় দেশের যেসব এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুতই সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে আমরা রক্ষা পেয়েছি।
সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বক্তব্যের শুরুতে মোখার ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে সংরকার প্রধান বলেন, আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি নিজে সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছি, নানা নির্দেশনা দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা দেশের উপকূলীয় ১৩টি জেলায় ৭০৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম। আশ্রয়কেন্দ্রগুলোতে সাড়ে সাত লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা ব্যস্ত ছিলেন নিজের ভাগ্য পরিবর্তনে’
শেখ হাসিনা বলেন, যেসব এলাকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুতই সেগুলো আবার মেরামতের কাজ শুরু হয়ে গেছে। তা ছাড়া খাবার, পানি যা যা দরকার, সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে। এর পর তিনি তিন দেশ সফর নিয়ে লিখিত বক্তব্য পড়তে শুরু করেন।
একাত্তর/আরবিএস