দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল ৭২। আর এই ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত।
তবে এই সময়ে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ফলে, এ বছর এখনো দেশে ডেঙ্গুতে মৃত্যু ১৩ জনই থাকছে।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে। এরমধ্যে ঢাকায় ২০৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৩৯ জন।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯২৭ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৬৬৮ জন।
আরও পড়ুন: ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।
একাত্তর/আরবি