তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আঙ্কারায় পৌঁছেছেন।
শুক্রবার ভোর সাড়ে চারটায় রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরের অবতরণ করে।
রাষ্ট্রপতির সাথে সফররত তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: বাসস।
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
আঙ্কারা বিমানবন্দরে পৌঁছালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এসময় রাষ্ট্রদূত ওইয়া তুঙ্গা চাগলি, তুরস্কের প্রটোকল প্রধান গোনেচ আচিকোলুসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ আগামী ৩ জুন বিকেল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। তার উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সমালোচনা করে তহবিল সংগ্রহ করে সিপিডি: তথ্যমন্ত্রী
তুরস্ক ভ্রমণকালীন সময়ে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে’ অবস্থান করছেন।
আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।
একাত্তর/এসজে