বেসিক ব্যাংকের বাচ্চুসহ ১৪৭ জনের নামে অভিযোগপত্র

দুর্নীতি, অর্থ আত্মসাতের ৫৯ টি মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের নামে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমক কমিশন (দুদক)। 

সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সোমবার সংস্থাটির সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘‘মোট ৫৯টি মামলায় ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনকে এজাহারভুক্ত করা হয়। আসামিদের মধ্যে ৪৬ জন ব্যাংক কর্মকর্তা ও ১০১ জন গ্রাহক।’

মাহবুব হোসেন বলেন, অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করে ভুয়া মর্টগেজ, মর্টগেজের অতিমূল্যায়ন এবং মর্টগেজ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক লিমিটেড থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতে ৫৯টি মামলা হয়।

দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, মো. মোনায়েম হোসেন, মো. গুলশান আনোয়ার প্রধান এবং মোহাম্মদ সিরাজুল হক মামলাগুলো তদন্ত করেন। 

আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় পাঁচ বছরে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। 

অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক থেকে দুদকে প্রতিবেদন পাঠানো হয়। ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ১২০ জনকে আসামি করে মোট ৫৬টি মামলা করে দুদক।

ওইসব মামলায় ২ হাজার ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ ২৭ কর্মকর্তা, ১১ জরিপকারী ও ৮২ ঋণ গ্রহণকারী ব্যক্তিকে আসামি করা হয়। পরে আরও তিনটি মামলা করে দুদক। 


একাত্তর/আরবি