জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে ভোট পরিচালনায় অসুবিধা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার (২৩ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সিইসি বলেন, “এটা টেবিল-চেয়ার নয় যে উঠিয়ে নিয়ে গেল। চিঠি দিয়ে ইসি থেকে এনআইডি কার্যক্রম নেওয়া যাবে না। সংলাপে বসে এ বিষয়টি সমাধান করতে হবে”।
তিনি জানান, শুধু ভোটের স্বার্থে দীর্ঘদিনের চেষ্টায় এনআইডি তৈরি হয়েছে। কমিশনের কাছ থেকে এনআইডি চলে গেলে নির্বাচন পরিচালনায় অসুবিধা হবে।
সিইসি বলেন, এনআইডি নিবন্ধন কার্যক্রমের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের আগে অবশ্যই আলোচনার প্রয়োজন আছে। সংলাপের মাধ্যমে এ বিষয়টি সমাধান করতে হবে।
নূরুল হুদা বলেন, সরকারের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত হয়েছে- এটা বলা যায় না। তারা নিতে চায়। ইসি দেবে না- এমনটাও বলা যায় না। আলোচনায় বসতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা।
দুই পক্ষেরই যুক্তি আছে উল্লেখ করে নূরুল হুদা বলেন, সরকারের অবশ্যই কিছু যুক্তি আছে। ইসিরও কিছু যুক্তি আছে। এগুলো নিয়ে আলোচনা হবে।
তিনি আরো বলেন, “আমাদের যুক্তি হলো এই কাজটা আমাদের অনেক পরিশ্রমের ফসল। এই কাজটা করার জন্য আমাদের কয়েক হাজার নিবেদিত কর্মী তৈরি হয়েছে এবং তারা অত্যন্ত প্রফেশনাল”।
এতোগুলো লোক আবার তৈরি করা, আবার ১২ বছর ঘুরে অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
একাত্তর/আরএইচ