চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চার জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭৫ জন। 

অধিদপ্তরটি আরও জানায়, চলতি বছরের ১ থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে এক হাজার ২৮ জন।

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৬৩৭ এবং ঢাকার বাইরে ৭৯৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৩৩ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


একাত্তর/এসি