সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহবান রাষ্ট্রপতির

ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় এই আহ্বান জানান। সৌদি আরবে পবিত্র হজ্জ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্ব ধারণ করা হয়।

‘ঈদের আনন্দ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই’, তিনি বলেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সকল গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূর করে মনের পশুকে কুরবানি করতে হবে।

‘কুরবানির বাঁধ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়’, রাষ্ট্রপতি উল্লেখ করেন।

তিনি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন: যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফলে, বিশ্বব্যাপী স্বল্প আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

তিনি আশা করেন যে, পবিত্র ঈদুল আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।


একাত্তর/এসজে