আগামী তিনদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

দেশের বিভিন্ন স্থানে আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশেও কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া ঝাড়খন্ড ও এর কাছাকাছি উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে সরে গিয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। 

আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৩৫ মিনিটে।


একাত্তর/আরবিএস