সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’ নজরদারির নির্দেশ

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’ বিষয়ে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারপ্রধান শেখ হাসিনা এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের তিনি তিনি বলেন, সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটা সাংঘাতিক রকম মানুষের মধ্যে সাড়া ফেলেছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে। লাখেরও বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে।

তিনি বলেন, ‘কিন্তু ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে মিথ্যা অপপ্রচার বা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য, সরকার কী করেছে, কী করতে যাচ্ছে, কীভাবে মানুষ উপকৃত হবেন এ ব্যাপারটা জনগণের কাছে উপস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, জনগণ যেন জেনেশুনে, বুঝে এখানে অংশগ্রহণ করে। কোনো রকম অপপ্রচারে তারা যেন প্রভাবিত হতে না পারে সে দিকে সকলকে নজরদারি রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

গত ১৬ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। এই স্কিমে ৬০ বছর পর্যন্ত মানুষ টাকা জমা করবে এবং এরপর থেকে আজীবন মাসে মাসে অর্থ পাবে।

১৮ বছর থেকে শুরু করে ৫০ বছর বয়সে এসেও টাকা জমানো শুরু করা যাবে। তবে যত বেশি বছর টাকা জমা হবে, সুবিধা হবে তত বেশি।

মোট চারটি স্কিম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রবাসীদের জন্য আছে প্রবাস, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি, অনানুষ্ঠানিক খাতের কর্মীদের জন্য আনা হয়েছে সুরক্ষা আর নিম্ন আয়ের মানুষদের জন্য আছে সমতা।