রাজধানীর যানজট কমাতে এবং কর্মঘণ্টা বাঁচাতে নানা রকমের উদ্যোগে নিয়েছে সরকার। এরইমধ্যে কিছু সুফলও মিলছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই রাজধানীর যানজট আরও কমবে এবং জনবান্ধব টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিত হবে। সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল ব্যবস্থা, এক্সপ্রেসওয়েসহ আরও কিছু মেগা প্রকল্প এরইমধ্যে উন্মুক্ত হয়েছে। কিছু চলমান।
রোববার থেকে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ পথে মাত্র দশ মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়া-আসা করা যাবে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে বনানী, বনানী থেকে মগবাজার এবং মগবাজার থেকে কুতুবখালী– এ তিন ধাপে উড়াল মহাসড়ক নির্মিত হচ্ছে। আজ খুলতে যাচ্ছে দ্বিতীয় ধাপের অর্ধেক পর্যন্ত। প্রকল্প প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। তবে খুলতে যাওয়া অংশের কাজ এগিয়েছে প্রায় শতভাগ।
গত বছরের ডিসেম্বরে উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত দেশে প্রথমবারের মতো মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসছে ২০ অক্টোবর মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের উদ্বোধন করবেন তিনি। পরবর্তী সময়ে তা কমলাপুর পর্যন্ত যাবে। ২১ দশমিক ২৬ কিলোমিটারের এই মেট্রোরেল নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৪৪২ কোটি টাকা।
এছাড়া ২০০৮ সাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ফ্লাইওভার চালু হয়েছে। এগুলো হলে- কালশী ফ্লাইওভার, বিমানবন্দর-মিরপুর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভার, মিরপুর-বনানী ফ্লাইওভার এবং বনানী ওভারপাস, কুড়িল বহুমুখী ফ্লাইওভার, বিজয় সরণি-তেজগাঁও শিল্পাঞ্চল সংযোগ সড়ক ও রেলওয়ে ওভারপাস, তেজগাঁও-মগবাজার-মৌচাক-শান্তিনগর ফ্লাইওভার এবং যাত্রাবাড়ী-গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার।
তাছাড়া রাজধানীর প্রবেশপথের ভোগান্তি কমাতে পথগুলো প্রশস্ত করা হয়েছে। অন্তত চারটি রুটে লেনের সংখ্যা বাড়ানো হয়েছে ১৫ বছরে।
ঢাকার সাথে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর যোগাযোগ সহজ করতেও সরকার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যার কাজ প্রায় শেষের পথে। এ প্রকল্পের ফলে গাজীপুর, ময়মনসিংহ ও এর আশপাশের অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে।
দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের সহজ করেছে পদ্মা সেতু। আর পদ্মা সেতুর সঙ্গে ঢাকার যাতায়াত সহজ করতে বানানো হয়েছে এক্সপ্রেস হাইওয়ে। যা দেশের প্রথম ও গুরুত্বপূর্ণ সড়ক।