ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর।
এরই মধ্যে রেলের দুই অঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে চিঠি দিয়ে একটি ট্রেন চাওয়া হয়েছে। পরীক্ষামূলক চলাচলের আগে ৬ সেপ্টেম্বর ট্রেনটি প্রস্তুত রাখা হবে।
সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ দিকে নিয়মিতই পদ্মা সেতু পাড়ি দেবে ট্রেন। এরই মধ্যে ট্রেন চলাচল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময়ও চেয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সাতটি বগি (কোচ) দিয়ে পরীক্ষামূলক ট্রেনটি চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। পরীক্ষামূলক যাত্রায় রেলমন্ত্রী নূরুল ইসলাম, পদ্মার দুইপাড়ের সংসদ সদস্যরা, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন।
এর আগে পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানো সম্পন্ন হলে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এবার পুরো পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে।
রেলওয়ে সূত্র আরও জানিয়েছে, আগামী মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারিখ নিশ্চিত করলেই উদ্বোধনের আয়োজন শুরু হবে।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দূরত্ব প্রায় ৮২ কিলোমিটার। ঢাকার গেন্ডারিয়া থেকে নতুন রেললাইন কেরানীগঞ্জ হয়ে উড়ালপথে পদ্মা সেতুতে মিলেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ধরে কমলাপুর থেকে গেন্ডারিয়া হয়ে ভাঙ্গায় ট্রেন চলাচল করতে পারবে। ভাঙ্গার সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ীর ট্রেন যোগাযোগ আগে থেকেই রয়েছে।
পদ্মা সেতুর দুই প্রান্তে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণে ২০১৬ সালে প্রকল্প অনুমোদন করে সরকার। এর আওতায় ১৭২ কিলোমিটার মূল রেলপথ নির্মাণ করা হবে। এ ছাড়া ৪৩ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ১০০টি আধুনিক যাত্রীবাহী বগি কেনা হয়েছে। এগুলো দিয়ে নতুন ট্রেন চালু করা হবে। এই পথে ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এই পথে কোনো রেলক্রসিং থাকবে না। কারণ, যেখানে রেললাইন ও সড়ক মিলেছে, এর সবগুলোতেই পাতালপথ করা হচ্ছে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত ২০টি স্টেশন থাকবে, যার মধ্যে ১৪টি নতুন এবং ৬টি আগে থেকেই রয়েছে। আগের স্টেশনগুলোরও আধুনিকায়ন করা হচ্ছে।