বৃষ্টি না কমায় এডিস মশার উৎপাত থেকে সহসাই মুক্তি মিলছে না। আবহাওয়াবিদরা বলছেন, সেপ্টেম্বরে বৃষ্টি কমে যাবার কথা থাকলেও গেল কয়েক বছর ধরে বর্ষার মূল বৃষ্টিপাত হচ্ছে আগস্টে। আর শেষ হচ্ছে অক্টোবরের পর। ফলে মশার প্রজননের সময়টাও বাড়ছে বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। এসব কারণে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই বলে মনে করেন তারা।
বাংলা মাস অনুযায়ী বর্ষা শেষে শরৎকালের প্রায় অর্ধেক কেটে গেছে। কিন্তু আবহাওয়া বলছে ভিন্ন কথা। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হবার কথা থাকলেও আগের বছরগুলোর তুলনায় প্রায় ৫০ ভাগ কম বৃষ্টিপাত হয় মাসটিতে। আবার যখন আগস্টে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে থাকার কথা, তখন বৃষ্টি ছিলো সবচেয়ে বেশী। সেপ্টেম্বরেও মাস জুড়ে থাকবে বৃষ্টি।
গেলো বছরও প্রলম্বিত বর্ষার কারণে ডেঙ্গুর প্রকোপ বেশী ছিলো অক্টোবর মাসে। এবার পরিস্থিতি সেই পথেই। যেখানে মশার ঘনত্ব পরিমাপক ব্রুটো ইনডেক্স বিশের বেশী থাকলে মশাবাহিত রোগে আশঙ্কা থাকে সেখানে বাংলাদেশের প্রতিটি জেলাতেই এডিসের ব্রুটো ইনডেক্স বিশের বেশী।
ঝোপ-ঝাড়ে কিংবা গাছের কোটরে জমে থাকা স্থির পানিতে ডেঙ্গু মশা প্রজনন ঘটায়। তাই গ্রামাঞ্চলে মশক নিধন কর্মসূচী জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের।