ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের জনগণের জন্য ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ।
বিশ্ব দরবারের প্রতি লিবিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হতে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণসামগ্রী পাঠানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।
ঝড় ও বন্যায় লিবিয়ার কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট শিগগিরই ঢাকা থেকে যাত্রা করবে বলে আশা করা যাচ্ছে।
ত্রাণসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে। লিবিয়ার তাবরুক এয়ারপোর্টে লিবিয়া সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের পাঠানো ত্রাণসামগ্রী গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
শনিবার লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও দেরনা শহরে আঘাত আনে ঘূর্ণিঝড়। এদিকে তুরস্কের উদ্ধারকারী দল ও বিভিন্ন উপকরণ বহনকারী একটি প্লেন বন্যাকবলিত লিবিয়ায় পৌঁছেছে।