মাঠ পর্যায়ের অফিসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ইসি

মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে ওই চিঠি পাঠিয়েছে সাংবিধানিক সংস্থাটি। 

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা প্রস্তুতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

এজন্য নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ইসির। আর আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতেই ভোট হবে বলে ইসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।