প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল তারকা রোনালদিনহোর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এসময় তিনি প্রধানমন্ত্রীকে একটি জার্সি উপহার দেন।

বুধবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার।

এর আগে, বুধবার বিকালে কলকাতা থেকে ঢাকায় আসেন রোনালদিনহো। বিশ্বনন্দিত এ ফুটবল তারকাকে স্বাগতম জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার আগমন  বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’
 
এসময় প্রত্যুত্তরে রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

গণভবনে প্রধনমন্ত্রীর সাক্ষাৎ শেষে হোটেলে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন রোনালদিনহো। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিল ভক্ত তামিমের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকেও সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা গেছে। তবে বাফুফে থেকে এখনও সে বিষয়ে কিছু বলা হয়নি।

রাজধানীর হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য।