অসুর রূপী অশুভ শক্তিকে দমন ও আগামী শরতে দেবী দুর্গার আগমনের প্রত্যাশা জানিয়ে পালিত হলো মহানবমীর আনুষ্ঠানিকতা। শাস্ত্র মতে এই দিনে মহিষাসুর ও রাবণকে বধ করেছিলেন দেবী দুর্গা।
সোমবার সকাল থেকেই রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ছিলো ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। বিহিত পূজা, অঞ্জলি আর যজ্ঞ ছিলো দিনের আচারে। নবমীর রাতে শেষ হয় উৎসব।
মহানবমীর পূজাই হলো অন্তিম পূজা। এদিন হোমের মাধ্যমে দেবীর সংকল্পিত মহাপূজার ইতি ঘটে। এরপর দশমী পূজা শুধুমাত্র দেবী বিদায়ের আনুষ্ঠানিকতা।
সে হিসেবে মহানবমী শারদ উৎসবের আনন্দ পর্বের শেষ দিন। বিহিত পূজার মাধ্যমে দিনের আচার শুরু হয় রাজধানীর বিভিন্ন মণ্ডপে। এরপর অঞ্জলি আর যজ্ঞের মাধ্যমে শেষ হয় মহানবমীর লোকাচার।
যেহেতু উৎসবের শেষপর্ব তাই নবমীর সকাল থেকেই ভক্তরা ভিড় জমানো মণ্ডপে। অনেকের কণ্ঠে ছিলো বিদায়ের সুর। নবমী রাতে বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে।
কারণ পরদিন দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে। ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে আর মঙ্গলবার দশমীর দিন বিদায় নেবেন এই একই বাহনে।
নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সেই রূপের উপাসনায় সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। নবমীর অন্যতম আচার হলো সিদ্ধি পূজা। সমৃদ্ধি আর সম্প্রীতি কামনার পাশাপাশি ধন্যবাদ জানানো হয় সবাইকে।
অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নবমীর পুণ্য তিথিতে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে।
অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট মিলে মোট ৪৮ মিনিটে পালিত হয়ে থাকে সন্ধিপূজা। মূলত এ সময় করা হয় দেবী চামুণ্ডার পূজা। কল্পারম্ভ ও বিহিত পূজা পালন করা হয় নবমী তিথিতে।
নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়।
নবমীর দিনই পূজার শেষ হয়। তবে বিজয়া দশমীর দিনেও কিছু আনুষ্ঠানিকতা থাকে। বিজয়া দশমীতে দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়।
এছাড়া সধবা নারীরা মত্ত হন সিঁদুর খেলায়। মুখ রঙিন করে হাসিমুখে মাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের জন্য সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেন, নাচগান করেন। যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে, হৃদয়ে লালিত স্বপ্ন পূরণ হয়।