প্রবল ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় হিসেবে কক্সবাজার উপকূল অতিক্রম করছে হামুন। মঙ্গলবার সন্ধ্যায় হামুন আঘাত হানে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে হামুনের প্রভাবে কক্সবাজার উপকূলীয় এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ক্ষয়ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে বেশি হবে। ভোলা, নোয়াখালী উপকূলে তেমন কিছু হওয়ার আশঙ্কা কম।
মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার নিকট দিয়ে পরবর্তী চার-ছয় ঘন্টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শেষ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে চট্টগ্রাম বন্দরকে ৭ নম্বর, কক্সবাজারকে ৬ নম্বর সংকেত নামিয়ে ৭ নম্বর এবং পায়রা ও মোংলাকে ৫ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং উপকূলীয় চর ও দ্বীপগুলোকে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের নৌযানগুলোকে সাবধানে ও নিরাপদ অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধকরা হয়েছে।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় হামুনের কেন্দ্রভাগ যখন স্থলভাগে পৌঁছাবে তখন এ ঝড়ে বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটারের মত, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১০০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এদিকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ৩ নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।