নির্বাচনের পরিবেশ এখনো অনুকূল নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আয়োজক হিসেবে সুন্দরভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেই জন্য রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশের প্রত্যাশা প্রথম থেকে বহাল রেখেছি।   তবে এখন অবধি প্রত্যাশিত অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি। সবাই মেনে নেবার মতো আস্থা তৈরি করা যায়নি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে খুব মসৃণ ও কুসুমাস্তীর্ণ কোনো জমিনের ওপর দিয়ে চলছি না। প্রতিনিয়ত কিছু অনাস্থা, সমালোচনা হচ্ছে, সংকটের কথা চলছে।

সিইসি আরো বলেন, 'দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার সংলাপ করেছি। সেখানে যেসব দল আসতে চাননি, তাদের প্রতি আমাদের বিনীত আবেদন ছিল সংলাপে আসুন। আমরা পত্র দিয়েও অনানুষ্ঠানিকভাবে তাদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিলাম। সাড়া পাইনি।' 

সিইসি বলেন, 'আমরা দেখাতে চেয়েছিলাম, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমরা স্পষ্ট করে জানিয়েছি, প্রতিটি রাজনৈতিক দল ও জোটের নিজস্ব রাজনৈতিক কৌশল থাকতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশন অনাধিকার চর্চা করবে না।'

এ সময় গণমাধ্যমকর্মীরা উদ্দেশ্যে তিনি বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চায় যা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব, নির্বাচন সফল করতে আপনাদের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। 

কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা অংশ নিয়েছেন।