কূটনীতিকদের পরিস্থিতি জানালো সরকার

বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করেছে সরকার।

সোমবার বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের দূতদের কাছে সরকার পরিস্থিতির চিত্র তুলে ধরে।  

এতে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ যুক্তরাজ্য, চীন, ভারত, রাশিয়া দূতাবাসের প্রতিনিধিসহ প্রায় ৫০টি কূটনীতিক মিশনের প্রতিনিধিরা।

আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি- বিশেষ করে গত ২৮ অক্টোবর নিয়ে সরকারি ভাষ্য তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ।

এ সংক্রান্ত একাধিক প্রেজেন্টেশন পেপার কূটনৈতিক ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পক্ষে ব্রিফিংয়ে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শান্তিপূর্ণ শোভাযাত্রার নাম নিয়ে অপজিশন পার্টি বিএনপি যেসব সংঘাত-সহিংসতা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। গত কয়েকদিনে তারা যা করেছে, তার মূল উদ্দেশ্য আসছে নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু না হয়। নির্বাচনকে বানচাল করার জন্য তারা এ ধরনের অপকর্ম করেছে।

তিনি বলেন, আমরা সেজন্য বিদেশি রাষ্ট্রদূতদের ডেকেছি। তাদের বলেছি, ২৮ তারিখে এখানে কি হয়েছে। প্রেডিসেডন্ট বাইডেনের মিথ্যা উপদেষ্টা হিসেবে একজন নিয়ে কি কি করা হয়েছে, সেটাও তুলে ধরেছি।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মোমেন বলেন, আমরা তাদের (বিএনপি) অনুরোধ করবো, আপনারা নির্বাচনে আসেন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। রাজনৈতিক সহিংসতা করে সরকার পতনের যে চেষ্টা, এটা অলীক। আপনারা নির্বাচনে আসেন।

এসময় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে ব্যাপারে আমরা কূটনীতিকদের পুনর্ব্যক্ত করেছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কূটনীতিকদের কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাওয়া হয়েছে। তবে তারা ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ২৮ তারিখে যেসব ঘটনা ঘটেছে, ওইদিন তাৎক্ষণিক যেসব ফুটেজ পাওয়া গেছে; সেগুলো বিদেশি মিশনগুলোতে পাঠিয়েছি। আজকের আবার তাদের সহিংসতার ভিডিও ফুটেজ ছবিসহ তাদের নানা ডকুমেন্ট দেখানো হয়েছে।

বিদেশি কূটনীতিকদের বক্তব্য কী ছিল, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, তাদের অভিব্যক্তি দেখে বোঝা গেছে, তারা এসব দেখে খুব অবাক হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে বর্তমানে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেটা মেনেই অংশগ্রহণ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের কথিত উপদেষ্টার বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, কথিত মার্কিন উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

‘সরকার পতনের’ এক দফা দাবিতে শনিবার সমাবেশ ডেকেছিলো বিএনপি। দুপুরের আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরও অনেকগুলো যানবাহনে। প্রধান বিচারপতির বাসভবনে  হামলা করা হয়।

দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই রোববার সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেই হরতালেও দেশের বিভিন্ন স্থানে যানবাহন পোড়ানো হয়, সহিংসতায় প্রাণ যায় অন্তত একজনের। রোববারের হরতাল শেষে দলটি মঙ্গল-বুধ-বৃহস্পতি তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে।

রোববার হরতালের শুরুর দিকে সকালে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরে তাকে রমনা থানায় দায়েল করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের তোলা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম মির্জা ফখরুলকে কারাগারে পাঠান।