ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হয়ে এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি-বিদ্যুতে যে ভর্তুকি পাই- একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান তাহলে এটা ঠিক হলো না। তাই প্রধানমন্ত্রী এরিয়া ও ইনকাম ওয়াইজ (এলাকা ও আয়ের ওপর নির্ভর করে) পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেছেন।
মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন ভর্তুকি যেন বিচারসম্মত হয়। আমি যে রেট দিচ্ছি, একজন নিম্ন শ্রেণির (নিম্ন আয়ের) মানুষও একই ভর্তুকি দিচ্ছে- এটা হয় না। এলাকাভিত্তিক পানি ও বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে।