বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশের আটটি জেলায় করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলাগুলোর স্বাস্থ্যবিভাগ, সিভিল সার্জন অফিস ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাত্তরের প্রতিনিধিরা।
গেল ২৪ ঘন্টায় খুলনার চারটি হাসপাতালে করোনায় ২১ জন এবং উপসর্গে ১ জনসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতুদের মধ্যে ১২ জন খুলনা জেলার বাসিন্দা, তিনজন বাগেরহাট, দুইজন যশোর এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল এবং বরিশাল বিভাগের পিরোজপুর জেলার একজন করে বাসিন্দা রয়েছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আটজন এবং করোনার উপসর্গ নিয়ে দশজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
আরও পড়ুন: শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী গাড়ির চাপ
কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দশজন করোনা আক্রান্ত ও সাতজনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে বারোজনসহ মারা গেছেন সতের জন। করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন, শেরপুরের দুইজন ও নেত্রকোনার একজন রয়েছেন। এদের বয়স ৫৪ বছর থেকে ৮০ বছর।
বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দশজন। বরিশাল বিভাগের বরগুনা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন।
চট্টগ্রামের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
চুয়ডাঙ্গা জেলায় করোনায় তিনজন ও করোনা উপসর্গে আটজনসহ এগার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫১৫ জনের নমুনায় ১৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গরকাল বুধবার (৭ জুলাই) জানিয়েছে, পুর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর থেকে এই প্রথম একদিনে মৃত্যুর সংখ্যা দুইশতের ঘর অতিক্রম করলো।
একাত্তর/আরএইচ