জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কটল্যান্ডের ক্রস পার্টি গ্রুপের কনভেনর এবং লেবার পার্টির এমপি ফয়সল চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় অধিবেশন, শিক্ষা ব্যবস্থা, সংসদীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-স্কটল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।
স্পিকার বলেন, বিশ্বের কোনো দেশেই নির্বাচনের সময়ে ক্ষমতাসীন দলের ক্ষমতা ত্যাগের নজির নেই। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নকরণের জন্য সকল কাজ করবে এবং সরকার তার স্বাভাবিক নিয়মে চলবে।
স্কটল্যান্ডের ক্রস পার্টি গ্রুপের কনভেনর এবং লেবার পার্টির এমপি ফয়সল চৌধুরী বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করা যেতে পারে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-ডেপুটি ক্রস পার্টি কনভেনার এবং কনসারভেটিভ পার্টির এমপি মেইল ব্রিজেস, ন্যাশনাল পার্টির ইভলিন টুইড, বাংলাদেশ বিষয়ক সিপিজির মেম্বার জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান এবং লুৎফর রহমান খান।