দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত চারটি বিদেশি সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের রেজিস্ট্রেশনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ১২ টি দেশের ৩০ জন থেকে ৩৫ জন বিদেশি সাংবাদিক এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে।
আবেদন করা সংস্থাগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরাম এবং এনডিআই-আইআরআই।
নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের নিবন্ধনের জন্য মঙ্গলবার শেষ সময় ছিলো। এই সময়টা বাড়িয়ে ৭ ডিসেম্বর দেওয়া হলো।
তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।