বিএনপি নির্বাচনে আসলে তফসিল পুনর্বিবেচনা: ইসি আলমগীর

বিএনপি নির্বাচনে আসলে তাহলে তফসিল পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আলমগীর।

মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসন সম্মেলন রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে একাধিকবার আসার জন্য বলা হয়েছে। তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে আগামী ৩০ নভেম্বরের আগে জানাতে হবে। নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ পেছানো হবে না। যে শিডিউল করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। যদি বিএনপি নির্বাচনে আসার ইচ্ছা প্রকাশ করে, তাহলে পুনর্বিবেচনা করা হবে।

আগামী সাত জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের ভিন্ন ভিন্ন নীতিমালা রয়েছে। এই নির্বাচনে নীতিমালার পরিবর্তন হয়নি, শুধু আপডেট করা হয়েছে। যা মিডিয়াবান্ধব নীতিমালা। মিডিয়াকর্মীরা সেসমস্ত সুযোগ সুবিধা পাবেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের নির্বাচনের প্রস্তুতির তথ্য সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের পদক্ষেপের কথা তাদের জানানো হয়েছে। তারাও আশা করেন, বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মাহবুবুল আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট মইনুল ইসলামসহ অন্যরা।