মাঠের তথ্যেই সব ওসি-ইউএনও বদলি: ইসি

মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া স্বতন্ত্রসহ সব প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে ইসি।

শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না মন্তব্য করে তিনি বলেন, আমাদের কমিশনাররা গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় এবং অঞ্চল পর্যায়ে সফর করেছেন। তারা যে তথ্য পেয়েছেন, বিভিন্ন প্রার্থী কিংবা বিভিন্ন কোয়াটার থেকে যে তথ্য এসেছে, তার ভিত্তিতেই ৩০ নভেম্বর ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। কমিশন অনুভব করেছে, এ বদলি দরকার। 

এসময় অশোক দেবনাথ জানান, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। মনোনয়ন দাখিল করেছেন দুই হাজার ৭১২ জন প্রার্থী।

ডিসি-এসপিদের বদলির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। পরে যদি কোনো সিদ্ধান্ত হয়, তখন বলতে পারবো। যদি নির্বাচন কমিশন বসে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দেশের সব ইউএনওদের এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব ওসির বদলি চেয়ে অতি জরুরি চিঠি দেয় ইসি। চিঠিতে বদলির প্রস্তাব পাঁচ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়।

ইসির ঘোষণা অনুযায়ী, আগামী সাত জানুয়ারি সংসদ নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে এক থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।