চট্টগ্রামের এমপি মোস্তফিজুরের বিরুদ্ধেও মামলা হবে

আচরণবিবি লঙ্ঘন করায় চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে মারধর ও আচরণবিধি লংঘনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর বিশাল শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেন। ওই চিত্র ধারণের সময় সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

এদিকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে আদালতে নিয়মিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার ইসির এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, শৈলকূপা থানাধীন ১৪নং দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে মো. আব্দুল হাই ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ -এর বিধি ৮(ক), ১১(ক) ও বিধি ১২ এর লঙ্ঘন করেছেন।

এ বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

বাহারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে

অন্যদিকে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগাল ও লাইভ ডিভাইস ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে ইসির তদন্ত কমিটি।

ইসি যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার জানান, বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে তাকে ডাকা হবে তা এখনো নির্ধারণ হয়নি।