প্রার্থিতা বাঁচাতে ইসিতে হাজির বাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, সেই ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আকম বাহাউদ্দীন বাহার।

বর্তমান সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

এরমধ্যে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের কাজে বাধা দেয়া এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

প্রার্থিতা কেন বাতিল হবে না সেই ব্যাখ্যা দিতে এদিন বেলা তিনটার দিকে নির্বাচন কমিশনে হাজির তিন বারের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার।

ভোটের তফসিল ঘোষণার পর থেকেই বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসতে শুরু করে। তাতে সর্বশেষ যুক্ত হয় সাংবাদিক নির্যাতনের ঘটনা।

গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাহাউদ্দীন বাহার একাধিকার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকার নোটিশও দিয়েছিলো।

সর্বশেষ গত সোমবার ইসি থেকে কুমিল্লার প্রভাবশালী এই নেতাকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে তাকে ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়।