রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতার উদ্দেশে ঘটানো অগ্নিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
এই আটজন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলো বলে দাবি করছে ডিবি।
শনিবার বেলা সোয়া ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ট্রেনে আগুন লাগার আগে বিএনপির ১০/১১ জন ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।
ডিবি প্রধান জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে বিএনপি নেতা এনামুল ইসলাম খন্দকার ও রবিউল ইসলাম নয়নের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে টাকা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য বিতরণ করে। পরিকল্পনা ছিলো নির্বাচনী ক্যাম্পগুলোতে তারা আগুন লাগাবে, ককটেল বিস্ফোরণ করবে, যেন কেউ ভোটকেন্দ্রে না আসে। এই পরিকল্পনায় জড়িত পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছে ৩০ হাজার টাকা ও ২০ পিস ককটেল উদ্ধার করা হয়েছে।
নবী উল্লাহ নবীকে অর্থদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে আরও দুইজনের গ্রেপ্তারের কথা জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।
গ্রেপ্তার আটজন হলেন—ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬), দক্ষিণ যুবদলের সদস্য মোহাম্মদ মনসুর আলম (৪২), কামরাঙ্গীর চর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল (২৭), লালবাগ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, বিএনপি নেতা কবির (৪৪), দেলোয়ার (৪৪), হাসান (৩৮), সালাউদ্দিন (৩৫)।
হারুন বলেন, দুই দিন আগে তারা ভিডিও কনফারেন্স করে। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন মনসুর। কনফারেন্সে এক পর্যায়ে বলা হলো, বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে; বিশেষ করে নরসিংদীর কাছে এসে সুবিধাজনক জায়গায় অগ্নি-সংযোগ করতে হবে। আরেকটি পরিকল্পনা করা হয় কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী বগিতে অগ্নি সংযোগ করার, যাতে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ হয়। জনগণ চূড়ান্তভাবে ভীত হয়।
তিনি আরও বলেন, ভিডিও কনফারেন্সের এক পর্যায়ে তারা বলছিল, আগুন লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন? ১০-১২ জনের মধ্যে একজন শুধু বললো, আমি পারব। এই মুহূর্তে তার নাম আমি বলছি না। ২০১৩-১৪ সালে বাংলামোটর এলাকায় বোমা বিস্ফোরণ করেছিল এ রকম তিনজনকে তারা ঠিক করে। তাদের নামও আমাদের কাছে আছে।
হারুন বলেন, তাদের দুটো গ্রুপ আছে, একটি গ্রুপ ভিডিও কনফারেন্সে এসে কারা কারা ঘটনা ঘটাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি গ্রুপ দূর থেকে পরামর্শ ও অর্থদাতা। পরামর্শ ও অর্থদাতা হিসেবে আমরা যাদের নাম পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছেন নবী উল্লাহ নবী। তাকে আমরা গ্রেপ্তার করেছি।
বেনাপোল এক্সপ্রেসে শুক্রবার সন্ধ্যায় নাশকতার আগুনে চারজনের মৃত্যুর পরই নবীকে গ্রেপ্তার করে পুলিশ। নবী উল্লাহ নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে তাতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান, হাসপাতালে ভর্তি করা হয় অনেককে।
এদিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটের ভর্তি আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলন করে জানান, দগ্ধদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। আগুনে দগ্ধ ৮ জনের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। এই রোগীদের মেন্টাল ট্রমা থেকে যাবে লম্বা সময়।
ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় হরতালকারীরা। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকেই।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিলো। ট্রেনের চারটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।
এদিকে ৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়।