জাতীয় সংসদের চীফ হুইপ, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারন সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামীলীগ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর স্বতন্ত্রসহ অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, শপথ গ্রহণের পর বেলা ১২ টায় আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হবে। পরবর্তিতে বিকেলে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন করা হবে।
মঙ্গলবার জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়িতে চীফ হুইপের পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় সংসদের চীফ হুইপ এসব কথা বলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর প্রেস ক্লাবের সভাপতি একে এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক প্রদ্যূত কুমার সরকার, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরোধী দলের ব্যাপারে প্রশ্ন করা হলে চীফ হুইপ বলেন, বিরোধী দলের ব্যাপারে তো সরকারি দলের করণীয় কিছু নাই। বিরোধী দলের যারা আছেন তারা মিলে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেবেন।