ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দুই সিটিতে আগামী ৯ মার্চ ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
আনিছুর রহমান বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এই দুই সিটি করপোরেশন ছাড়াও দেশের আরো কয়েকটি পৌরসভায় ৯ মার্চ ভোট হবে বলে এই কমিশনার জানিয়েছেন। আর পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে ভোট হবে ইভিএমে।
গত বছরের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু গত ১৩ ডিসেম্বর মারা যান কুমিল্লার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
তার মৃত্যুতে কুমিল্লা সিটির মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রথম নির্বাচন হয় ২০১৯ সালে।