দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ হিসেবে ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল এবং মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।
মঙ্গলবার তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের চিফ হুইপ ও হুইপদের নিয়োগ দেন।
এই পাঁচজনের নিয়োগের কথা সোমবারই সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করে। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর তাদের মধ্যে একজন হুইপ হতে পারেন।
গত ১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিলো চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন।
ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন একাদশ সংসদেও হুইপের দায়িত্ব সামলেছেন।
নতুন মুখ হিসাবে যুক্ত হয়েছে সাবেক ক্রিকেটার মাশরাফী, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল ।
চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।