দেশের বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করতে সৌদি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের সুরা কাউন্সিলের স্পিকার ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সৌদি আরবের মক্কা ও মদিনা বাংলাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। দু'দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনও দৃঢ়। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।
তিনি আরোও বলেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া সৌদি আরবকে বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। দেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
এসময় মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি জোর সমর্থন জানায় এবং গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানায়।
সাক্ষাৎকালে সৌদি আরবের সূরা কাউন্সিলের স্পিকার বলেন, সৌদি সরকার ও জনগণ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয়।