করোনায় মারা গেলেন ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মতীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টায় রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান তিনি।

ড: আবদুল মতিনের মৃত্যুতে দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর হারুন উর রশীদ এক শোক বার্তায় জানান, 'গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক বাংলাদেশের প্রথিতযশা দার্শনিক ড. আবদুল মতীন করোনায় আক্রান্ত হয়ে, আজ সকাল ৬টায় চিকিৎসাধিন অবস্থায় উত্তরায় অবস্থিত শিন শিন জাপান হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।'

প্রফেসর হারুন উর রশীদ আরও জানান, 'ড. আবদুল মতীনকে তার নিজ গ্রামের বাড়ি ভালুকার ধিতপুরে সমাধিস্থ করা হবে। তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।' 

ড. আবদুল মতীন ১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ভালুকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে বি.এ. অনার্স ও ১৯৫৭ সালে এম.এ. ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালের ১ জুলাই তিনি দর্শন বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন। ১৯৬৯ সালে কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি ।

আরও পড়ুন: এবারো জাতীয় ঈদগাহে হচ্ছে না ঈদের জামাত

এছাড়া ড. মতীন কমনওয়েলথ ফেলো হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। সর্বশেষ ২০০০ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।


একাত্তর/আরবিএস